ধুনটে মন্দির কমিটির দ্বন্দ্বে সংঘর্ষ, রাতে প্রতিমা ভাংচুর
সন্ধ্যার পর মন্দির কমিটির একটি পক্ষ আরেকটি পক্ষের লোকজনকে মারধর করে চলে যায়; গভীর রাতে কে বা কারা অসুর মূর্তির হাত ভেঙে দিয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় মন্দির পরিচালনা কমিটির দুটি পক্ষের সংঘর্ষের পর গভীর রাতে একটি প্রতিমা ভেঙেছে অজ্ঞাত হামলাকারী।
বৃহস্পতিবার রাতে ধুনট পৌর এলাকার চরধুনট বারোয়ারী মন্দিরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, চরধুনট গ্রামের বারোয়ারী মন্দিরের পূজা কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র সরকারের (৬০) সঙ্গে অপর গ্রুপের নেতা ভীম হাওলাদারের দীর্ঘদিন ধরে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধ চলে আসছে।
এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে একটি পক্ষের লোকজন আরেকটি পক্ষের লোকজনকে মারধর করে চলে যায়।
গভীর রাতে কে বা কারা ওই মন্দিরের ভিতরে ঢুকে অসুর মূর্তির হাত ভেঙে দিয়েছে।
সংবাদ পেয়ে শুক্রবার সকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মন্দিরের কমিটি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। শুক্রবার উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ওই মন্দিরের নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে প্রতেন সভাপতি ও নিরঞ্জন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
