৫ বছর বেতন না পেয়ে ধর্মঘটে রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীরা
কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি খাগড়াছড়ির আন্দোলনকারীদের।
বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার ব্যবস্থা প্রথম পর্যায় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকালে খাগড়াছড়িতে জেলা ইউনিট অফিসে কাজে যোগ না দিয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীদের দাবি, পাঁচ বছর ধরে তাদের বেতন-ভাতা বন্ধ আছে। এ জন্য তারা রাবার বাগান প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনিয়ম ও অবহেলাকে দায়ী করেন।
ভুক্তভোগীরা বলেন, শুরু থেকে লাভজনকভাবে উঁচু বন্দোবস্তীকরণ রাবার বাগান প্রকল্প কার্যক্রম চালিয়ে এলেও ১০ বছর ধরে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পটিকে লোকসান দেখিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শোষণ করছেন। পাঁচ বছর ধরে এ প্রকল্পের কোনো কর্মকর্তা-কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছেন।
এ সময় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অবস্থান ধর্মঘটে উঁচু বন্দোবস্তীকরণ রাবার বাগান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উঁচু ভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানের ব্যবস্থাপনা ইউনিটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (জিএম) পিন্টু চাকমা বলেন, “বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
“আজ বিকালে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে তাদের সঙ্গে বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আশা করছি, বৈঠকে কোনো সিদ্ধান্ত আসবে।”
