বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঘিরে ১৪৪ ধারা
কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বগুড়া সদরে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বগুড়া শহরের কালিতলা বাজার এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালিতলা বাজার এলাকায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সদর থানার ওসি সেলিম রেজা বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
