কীর্তনখোলা নদীতে ভেসে উঠল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
সাঁতরে নদীর মাঝখানে গেলে স্রোতের তীব্রতায় অনিকসহ দুইজন ভেসে যায়। এর মধ্যে এক কিশোরকে জেলেরা উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় অনিক।
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে।
সোমবার বিকালে লাশটি ভেসে ওঠে বলে বরিশাল সদর নৌ-থানার পরিদর্শক হাসনাত জামান জানান।
স্কুলছাত্র মো. অনিক হাওলাদার (১৪) বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে। সে স্থানীয় মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিদর্শক হাসনাত জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর দেড়টার দিকে কয়েকজন কিশোর একসঙ্গে কীর্তনখোলা নদীর উলালঘুনী গ্রামের জিটিএল ইটেরভাটা এলাকায় গোসল করতে নামে।
কিশোররা সাঁতরে নদীর মাঝখানে গেলে স্রোতের তীব্রতায় অনিকসহ দুইজন ভেসে যায়। এর মধ্যে এক কিশোরকে জেলেরা উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় অনিক।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলের অদূরে অনিকের লাশ ভেসে ওঠে।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পরিদর্শক হাসনাত জামান জানান।
