২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে অপেক্ষায় চা শ্রমিকরা

শুক্রবার সন্ধ্যায় পাত্রখলা চা বাগানে ধলই ভ্যালিক্লাব মাঠে সভাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য আব্দুস শহীদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে অপেক্ষায় চা শ্রমিকরা

সভাস্থল পরিদর্শনে সংসদ সদস্য আব্দুস শহীদ

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 01:01 AM

Updated : 03 Sep 2022, 01:01 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন চা শ্রমিকরা।

শনিবার বিকাল ৪টায় এ ভিডিও কানফারেন্স উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ জানান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানে ধলই ভ্যালিক্লাব মাঠে ইতোমধ্যে সভামঞ্চ নির্মাণ করা হয়েছে।

মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়া জানান, জেলার বিভিন্ন চা বাগান থেকে দেড় হাজার চা শ্রমিককে ধলই ভ্যালিক্লাব মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে।

“ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”

শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য আব্দুস শহীদ সভাস্থল পরিদর্শন করেছেন।

মাঠ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় থেকেই চা শ্রমিকদের ভালোবাসেন। চা শ্রমিকদের বিগত মজুরি বৃদ্ধির আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। ওই পরিস্থিতির সময় প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি গণভবনে বৈঠক করবেন এবং ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন।

ইতোমধ্যে গণভবনে চা বাগান মালিকদের ডেকে শ্রমিকদের মজুরি ৫০ টাকা বৃদ্ধি করে দিয়েছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের চা শ্রমিকদের সঙ্গে শনিবার বিকাল ৪টায় তিনি কথা বলবেন।

এদিকে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠক করে তাদের মনের কথা বলার জন্য শনিবারের অপেক্ষা করছেন।

শুক্রবার বিকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা ও বালিশিরা ভ্যালির নেতারা বসে প্রধানমন্ত্রীর বৈঠক সফল করার বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা ও কোষাধ্যক্ষ পরেশ কালিন্দিসহ অন্য নেতারা।

সভা শেষে পরেশ কালিন্দি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী দয়ার সাগর। তার কাছে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়।”

দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, তাদের ভূমি অধিকার, উচ্চশিক্ষা ও চাকরিতে কোটা, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাস করা, চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন ও চা শ্রমিকদের জন্য একটি বিশেষ হাসপাতাল স্থাপন।

এ জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ভাষা; যা সংরক্ষণে একাডেমি স্থাপন, সরকারি সহায়তায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন করে দেওয়ার দাবিও তারা জানাবেন।

মালিক পক্ষের দাবি অনুযায়ী চা শ্রমিকদের প্যাকেজ মজুরি ৪০০ টাকার ওপরে; বিষয়টি তদন্ত করে মজুরির বিষয়টির স্থায়ী সমাধান করে দেওয়া হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সরেজমিনে কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে ধলই ভ্যালিক্লাব মাঠে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। দেড় হাজারেরও বেশি আসনের ব্যবস্থা করা হয়েছে। মাটি কেটে ঠিক করা হয়েছে ভ্যালি মাঠে যাওয়ার রাস্তাও।

আব্দুস শহীদ জানান, শ্রমিকদের চলাচলের জন্য অনেক রাস্তা করে দেওয়া হয়েছে। এখন চা বাগানের শ্রমিক বসতিতে যাতায়াতের কাঁচা রাস্তা নেই বললেই চলে। বয়স্ক ভাতা, বিধবাভাতা, ওএমএসের চালসহ সরকারি সব সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে করে দেওয়া হচ্ছে।

“চার লাখ ৭০ হাজার টাকা বরাদ্দে তাদের জন্য পাকা ঘর করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু বাগানে তা করে দেওয়া হয়েছে। আরও প্রক্রিয়াধীন আছে।”

তিনি আরও জানান, বর্মাছড়া চা বাগানে চা শ্রমিক সন্তানদের জন্য একটি অত্যাধুনিক বিদ্যালয় করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শ্রীমঙ্গলের প্রত্যেকটি চা বাগানে সরকারি বিদ্যালয় করে দেওয়া হয়েছে। অন্য এলাকায়ও যা প্রক্রিয়াধীন।

এ সময় তা সঙ্গে মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুর রহমান, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়াসহ রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।