বগুড়ায় কৃষক হত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন।
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন বলে বাদীপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান।
যাবজ্জীবন প্রাপ্তরা হচ্ছেন- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি নগরকান্দি গ্রামের ইসমাইল হোসেন ওরফে ইউনুছ, তার দুই ছেলে জাকির মিয়া ও মাসুদ মিয়া, একই গ্রামের আব্দুল খালেক, গণি মোল্লা, ইনতাজ আলী, সুলতান মোল্লা, মানিক মিয়া ও আব্দুল গফুর।
কারাদণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
মামলার বাদী মোহাম্মদ সাজু জানান, নিহত আব্দুল জব্বার (৬০) তার বড় ভাই। আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৮ সালের ২০ জুন দুপুরে শাখারিয়া ইউনিয়নের নুরইল বিল এলাকায় বিরোধপূর্ণ জমির মাপ চলছিল। এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ১৫ জনের নামে সদর থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শরিফুল আলম একই বছরের ৩০ নভেম্বর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন রেজাউল করিম মন্টু ও বিনয় কুমার দাস বিশু।
