এক দিনে পদত্যাগ করলেন সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শক
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই দুই শিক্ষক পদত্যাগ করেছেন বলে জানান রেজিস্ট্রার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার তারা আলাদা চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।
ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর মো. মনিরুল ইসলাম পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানান। তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, “আমি একদিকে বিভাগীয় প্রধান, অপরদিকে ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালকও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও আট থেকে ১০টি কমিটিতে আছি।
“একসঙ্গে সব দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারকে সময় দিতে পারতেছি না। কাজের চাপও বেশি। একাধিক দায়িত্ব পালন করা কষ্টকর। সেজন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি চেয়েছি।”
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানান, বুধবার ওই দুই শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তারা। তবে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
