শরীয়তপুরে নির্বাচন কার্যালয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
একটি এনআইডি কার্ডের নাম পরিবর্তনের জন্য নেওয়া হয়েছে ৩০ হাজার টাকা।
এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, ভোটার আইডি কার্ডের হালনাগাদ প্রকল্পে কাজ করতেন জেলা নির্বাচন কর্মকর্তার ভাগ্নে মো. মামুন পল। তিনি কার্যালয়ের নিয়মিত কর্মচারী নন। প্রকল্পের কাজ শেষ হলেও তিনি মাঝে-মধ্যে কার্যালয়ে এসে কাজ করতেন।
নড়িয়া নির্বাচন কার্যালয় ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে নড়িয়া উপজেলায় ভোটার আইডি কার্ডের হালনাগাদ প্রকল্পের কাজ শুরু হয়। প্রতিদিন ১ হাজার ২০০ টাকা হারে দলনেতা হিসেবে নিয়োগ পান ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান গ্রামের শাজাহানের ছেলে মো. মামুন পল। মামুন শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের ভাগ্নে।
চুক্তির মেয়াদ (৫০ দিন) শেষ হলেও মামুন নিয়মিত নড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে বসে কাজ করেন।
গত ২২ ডিসেম্বর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলার মাঠ এলাকার আবুল শেখের মেয়ে ফরিদা বেগম বাবা-মায়ের নাম ও নিজের জন্ম তারিখ সংশোধনের জন্য নড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে যান।
সেখানে কার্ড সংশোধন করে দেওয়ার জন্য ফরিদা বেগমের কাছে ৩৫ হাজার টাকা দাবি করেন মামুন পল।
পরে পাঁচ হাজার টাকা কমিয়ে ৩০ হাজার টাকায় কাজ করে দেওয়ার দফা-রফা হয়।
ফরিদা বেগম বলেন, “আমার ভোটার আইডি কার্ডে বাবা-মা’র নাম ও আমার জন্ম তারিখ সংশোধন করার জন্য নির্বাচন অফিসে যাই। পরে মামুন আমার কাছে টাকা দাবি করলে স্থানীয় এনজিও থেকে ৩০ হাজার টাকা এনে দিই।”
মামুন টাকা নিয়ে তার ভোটার আইডি কার্ড সংশোধনও করে দেন বলে জানান ফরিদা।
এদিকে, এ টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
মামুন পল বলেন, “কাজ শেখার জন্য আমি এ অফিসে আসি। কিন্তু কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।”
নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নীহার রায় বলেন, “ভোটার তালিকা হাল নাগাদ করার সময় টিম লিডার হিসেবে ৫০ দিনের জন্য মো. মামুনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হয়ে গেছে। সে জেলা নির্বাচন কর্মকর্তার ভাগ্নে হওয়ায় মাঝে মাঝে আমার অফিসে আসে ।এখন তাকে আসতে নিষেধ করে দিয়েছি।”
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
