বেনাপোলে যুবকের জুতায় লুকানো ছিলো ১০ স্বর্ণের বার
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে স্বর্ণ আসার গোপন খবরে বেনাপোল রেলস্টেশনে অভিযান চালায় বিজিবি।
যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে ‘স্বর্ণ পাচারকারী’ বলছে বিজিবি।
৯৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারগুলি যুবকের জুতায় লুকানো ছিল বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
তিনি বলেন, সোমবার দুপুরে বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণসহ অনিক কুমার বিশ্বাসকে (৩০) আটক করা হয়। অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার বিক্রমপুর নীমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।
এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ট্রেনে অভিযান চালানো হয়। বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার শান্তি মিয়ার নেতৃত্বে একটি টহল দল ওই অভিযান চালায়।
ওই সময় অনিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
"পরে তল্লাশি করে তার পায়ের জুতার মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৫ গ্রাম।"
স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
