২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ: গাজীপুরে ৬ প্রার্থী কোনো ভোট পাননি

গাজীপুরে মোট ভোটের সংখ্যা ৬৩৬টি।

জেলা পরিষদ: গাজীপুরে ৬ প্রার্থী কোনো ভোট পাননি

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 09:52 PM

Updated : 17 Oct 2022, 09:52 PM

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ছয় সাধারণ সদস্য প্রার্থী কোনো ভোট পাননি।

সোমবার ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর সরবরাহকৃত ফলাফল শিট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান এবং গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন নয় জন। তাদের মধ্যে চারজন কোনো ভোট পাননি। এই ওয়ার্ডে বৈধ ভোটার সংখ্যা ছিল ১৩০ জন।

যে চারজন কোনো ভোট পাননি তারা হলেন- আব্দুল বারেক (উটপাখি), দেওয়ান মোহাম্মদ শহিদুজ্জামান রিপন (তালা), মো. তোফাজ্জল হোসেন মৃধা (হাতি), মো. মঈনুল হোসেন (অটোরিকশা)।

৩ নং ওয়ার্ডের সাধরণ সদস্য পদে প্রার্থী ছিলেন পাঁচ জন। তাদের মধ্যে দুজন কোনো ভোট পাননি। এই ওয়ার্ডে বৈধ ভোটার সংখ্যা ছিল ১১৯ জন।

এই ওয়ার্ডের মো. নূরুল ইসলাম (ঘুড়ি) এবং মো. শফিকুল ইসলাম দুলু (টিউবওয়েল) কোনো ভোট পাননি।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, কেবল শূন্য ভোটই নয়, কোনো প্রার্থী নির্বাচনে মোট কাস্টিং ভোটের যদি এক অষ্টমাংশ ভোটও না পান তার জামানত বাতিল হবে।

গাজীপুরে ইভিএমের মাধ্যমে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটের সংখ্যা ৬৩৬টি। তাদের মধ্যে পুরুষ ৪৮৪ এবং নারী ভোটার ১৫২টি।

নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।