চলে গেলেন নেত্রকোণার পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো সুরথ চন্দ্র দে
কারও ইচ্ছা হলে কিছু টাকা দিলে তা নিতেন। তবে বেশিরভাগ শিশুকেই তিনি পড়িয়েছেন কোনো টাকা ছাড়াই।
অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে নেত্রকোণার পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলায় শিক্ষার আলো ছড়ানো শিক্ষক সুরথ চন্দ্র দে আর নেই।
৭১ বছর বয়সে রোববার সকালে শিশু শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখা ‘সুরথ স্যার’ জীবনের ইতি টেনেছেন বলে জানিয়েছেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়।
তিনি জানান, সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শিক্ষক সুরথ চন্দ্র দে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তাকে শেষবারের মতো দেখতে বাসায় ছুটে যান।
রোববার বেলা ২টায় দুর্গাপুর পৌরশ্মশাণে সুরথ চন্দ্র দের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
বাংলা ১৩৬০ সালের ১১ জ্যৈষ্ঠ নেত্রকোণার দুর্গাপুর সদরের সাধু পাড়া এলাকার শিক্ষক বিধু ভূষণ দে’র ঘর আলোকিত করে সুরথ চন্দ্র দে জন্ম নিয়েছিলেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি চলে যান ভারতের আসামে। আর পড়া হয়নি। ২০ বছর বয়সে দুর্গাপুরে ফিরে বাবার শিক্ষকতার অনুপ্রেরণায় নিজে এলাকায় বাসায় বাসায় গিয়ে শিশুদের পড়ানো শুরু করেন।
তবে তার বিনিময়ে তিনি কখনো টাকা চাইতেন না। কারও ইচ্ছা হলে কিছু টাকা দিলে তা নিতেন। বেশিরভাগ শিশুকেই তিনি পড়িয়েছেন কোনো টাকা ছাড়াই।
এভাবেই শুরু। প্রায় পঞ্চাশ বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড় মাথায় নিয়ে কাকডাকা ভোর থেকে হেঁটে হেঁটে গিয়েছেন এলাকার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিশুদের বাড়ি-বাড়ি।
অশীতিপর বয়সেও তার শিক্ষকতার জীবন ছিল চলমান। বয়সের ভারে সোজা হয়ে হাঁটতে পারতেন না। কিন্তু তাতে থেমে থাকেনি হেঁটে হেঁটে এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে শিশুদের পড়ানো।
এমনকি বয়সের কারণে পরিবারের পক্ষ থেকে শিক্ষকতা বাদ দেয়ার অনুরোধ জানানো হলেও মানেননি তিনি।
সুরত চন্দ্র দের ছেলে সুশান্ত চন্দ্র দে বলেন, “বাবার বয়স হয়েছিল। অনেক বলেছি শরীরে কুলোয় না, শিশুদের পড়ানো বাদ দিতে। কিন্তু তিনি তাতে কান দেননি। বাবা বলতেন, মৃত্যুর আগ নাগাদ তিনি শিশুদের পড়িয়ে যাবেন।
“বাবার অনেক ছাত্র রয়েছেন, যাদের সন্তানেরাও বাবার কাছে পড়েছেন। বাবা বলতেন পড়িয়েই তিনি আনন্দ পান।”
সাংবাদিক রাজেশ গৌড় বলেন, “সুরথ স্যার এলাকার শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তবে সেভাবে স্বীকৃতি তাকে আমরা দিতে পারিনি। অবশ্য তিনি কখনো তার প্রত্যাশাও করেননি।”
তবে ২০১৭ সালে ১১ অক্টোবর স্থানীয় শিক্ষা-সাংস্কৃতিক সংগঠন জলসিড়ি সংগঠন তাদের ১৪ বছর পূর্তিতে সুরথ চন্দ্র দের শিক্ষা বিস্তারের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা দেয়।
দুর্গাপুর উপজেলা সদরের উকিল পাড়ার কাজন পাল বলেন, “শিক্ষার আলো ছড়ানোয় সুরথ স্যারের মহান কাজের জন্যে আমরাও গর্বিত।”
