নোয়াখালীতে পুলিশকে ‘ইটপাটকেল’, বিএনপির ৩৩ নেতাকর্মী আটক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়খালী প্রেসক্লাবের সামনে জেলা ও পৌর বিএনপি সমাবেশ করে।
নোয়াখালীতে বিএনপির সমাবেশ শেষে ৩৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে; যাদের বিরুদ্ধে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের ‘হত্যার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি।
সমাবেশ শেষে শহরের বিভিন্ন স্থান থেকে দলটির ৩৩ নেতাকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, বিকালে নোয়খালী প্রেসক্লাবের সামনে বিএনপি সমাবেশ করে। ওই সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাচ্ছিলেন।
“ওই সময় মিছিলকারীরা শহরের প্রধান সড়কে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে পুলিশের ৮ সদস্য আহত হন এবং ওসির গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় জানিয়ে ওসি বলেন, “পরে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।”
জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি পাল্টা অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে পুলিশ বাধা দেয় এবং ৩৩ জন নিরপরাধ নেতাকর্মীকে আটক করে।
তিনি বলেন, নোয়াখালীতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে মানুষের ব্যাপক উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পুলিশী হামলা, মামলার মাধ্যমে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করছে।
“সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নেমে আসছে। মামলা, হামলা চালিয়ে এই জনজোয়ার ঠেকানো যাবে না।”
নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি সভাপতি আবু নাছের।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্ল্যাহ রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোলাম হায়দার, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক জেলা সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরন, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরন।
