২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভ্যানচালককে হত্যা: পুলিশ, গ্রেপ্তার আরও ২

হাশেমকে হত্যার জন্য ওসমান ২০ হাজার টাকা দিয়ে শহীদুল ও জসীমকে ভাড়া করেন বলে জানিয়েছে পুলিশের।

মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভ্যানচালককে হত্যা: পুলিশ, গ্রেপ্তার আরও ২

মানিকগঞ্জের সাটুরিয়ায় হাশেম আলী হত্যায় জড়িত সন্দেহে শহীদুল ইসলাম ও জসীম উদ্দিনকে  গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 03:03 PM

Updated : 07 Jul 2023, 03:03 PM

মানিকগঞ্জের সাটুরিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার হওয়া ভ্যানচালককে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ হত্যায় জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার রাতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার রুহুল্লী গ্রামের শহীদুল ইসলাম ও পূর্ব শিমুলিয়া গ্রামের মো. জসীম উদ্দিন।

পরিদর্শক মেহেদী জানান, গত ২৪ জুন সকালে সাটুরিয়ায় দরগ্রামের একটি পাটক্ষেত থেকে ভ্যানচালক মো. হাশেম আলীর (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হাশেম আলী দড়গ্রাম গাছবাড়ি গ্রামের এ্যাংরাজ আলীর ছেলে।

এ ঘটনায় তার ছেলে নুরুল ইসলাম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওসমান ও জলিল নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ভ্যানচালক হাশেম হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করা হয়েছে বলে শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, হাশেমের স্ত্রী সুফিয়া আক্তারের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ওসমানের। তাই সুফিয়াকে বিয়ে করার উদ্দেশ্যে হাশেমকে হত্যার পরিকল্পনা করে ওসমান। সেজন্য তিনি ২০ হাজার টাকা দিয়ে শহীদুল ও জসীমকে ভাড়া করেন।

পরিকল্পনা অনুযায়ী গত ২৩ জুন রাত ১০টার দিকে হাশেমকে তাস খেলার কথা বলে একটি বাড়িতে ডেকে নিয়ে যায় ওসমান। পরে ওসমান, জসীম ও শহীদুল মিলে হাশেমের চোখ, হাত বেঁধে কিল-ঘুষি, লাথি ও শ্বাসরোধে হত্যা করে লাশ পাশের পাটখেতে ফেলে রেখে যায়।

মানিকগঞ্জের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম,  সাটুরিয়া থানা পুলিশ ও ডিবির ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনসহ পুলিশের একটি টিম তিন দিন অভিযান চালিয়ে খুনের রহস্য উদঘাটন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক মেহেদী জানান, বৃহস্পতিবার রাতে দরগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার দুইজনকে শুক্রবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হবে।’