২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

রাবিতে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 09:33 PM

Updated : 12 Aug 2022, 09:33 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দোকান থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন ‘গ্রামীণ টেলিকম’ নামের দোকানে ঢুকে ওই নেতা টাকাগুলো ছিনিয়ে নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিম হোসেন।

তবে রাবির শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ মিয়া তার ‍বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ হবিবুর রহমান হল ক্যান্টিনে কর্মরত এক নারী ফোনে টাকা রিচার্জ করতে আসেন সেলিমের দোকানে। দোকানের দরজা খোলা থাকায় তিনি ভেতরে প্রবেশ করেন।

এ সময় ওই হল শাখা ছাত্রলীগের সহসভাপতি সামিউল আলম সোহাগসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দোকানের শাটার নামিয়ে দেন। এরপর বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হককে জানায়। পরে ঘটনাস্থলে প্রক্টর এসে দোকান মালিক সেলিম হোসেনকে নিজ দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং দোকান বন্ধ রাখার নির্দেশনা দেন।

জানতে চাইলে সেলিম হোসেন বলেন, “ওই নারী দোকানে এসেছিলেন ফোনে টাকা রিচার্জ করতে। দোকানের দরজা খোলা থাকায় তিনি ভেতরে ঢুকে পড়েন। এ সময় হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি সামিউল আলম সোহাগসহ কয়েকজন এসে দোকানের শাটার নামিয়ে দেন। পরে জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ মিয়া দোকানে ঢুকে জোর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।”

ছাত্রলীগ নেতা রাশেদ মিয়ার ভাষ্য, “আমি দুপুরের দিকে খাবার খাওয়ার জন্য হলের নিচে নেমেছিলাম। এ সময় শুনতে পাই, সেলিম ভাই এক মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। এরপর আমি সেখানে যেতে না যেতেই প্রক্টর স্যার চলে আসেন। এরপর দোকান বন্ধ করে দেন। এ অবস্থায় আমি কীভাবে তার থেকে টাকা ছিনিয়ে নেব?”

দোকানের শাটার নামিয়ে দেওয়ার বিষয়ে সামিউল আলম সোহাগ বলেন, “আমি ক্লাস থেকে এসে সেলিম ভাইয়ের দোকানে গিয়ে দেখি, তিনি দোকানের ভেতরে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় আছেন। পরে আমার সঙ্গে থাকা অন্যরাও বিষয়টি দেখতে পায়। আমরা প্রায় ২০ মিনিট ধরে দোকানটির সামনে দাঁড়িয়ে থাকার পরও মহিলাটি দোকান থেকে বের না হওয়ায়, ঘটনাস্থলে থাকা কয়েকজন দোকানের শাটার নামিয়ে দিয়ে প্রক্টরকে বিষয়টি জানায়। তবে আমি দোকানের শাটার নামাইনি।”

নাম প্রকাশ না করা শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, “সামিউল আলম সোহাগ হবিবুর হল ক্যান্টিন থেকে নিয়মিত বাকি খেতেন। নিয়মিত টাকা পরিশোধ না করায় তার সঙ্গে ক্যান্টিন মালিকের বাকবিতণ্ডাও হয়। যেহেতু সেই নারী হবিবুর রহমান হল ক্যান্টিনে কর্মরত। তাই আগের ঘটনার জেরে পরিকল্পিতভাবে এমনটি করা হতে পারে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “দোকানে নারীঘটিত একটি বিষয় শুনেছি। কিন্তু টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি মাত্র শুনলাম। বিষয়টির খোঁজ নিচ্ছি; সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে একটু আগে জানলাম। এ বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া দোকানির বিরুদ্ধে নারীঘটিত বিষয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”