ঝিনাইদহ সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক
জব্দকৃত স্বর্ণের ওজন তিন কেজি ৭১৯ গ্রাম বলে জানায় বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান।
আটক ইমাম হোসেনের বাড়ি যশোরের চৌগাছায় বলে জানায় বিজিবি।
শাহিন আজাদ জানান, চৌগাছা থেকে ঝিনাইদহের যাদবপুর সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে যাচ্ছে, এমন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবির যাদবপুর বিওপির একটি টহল দল সকালে ওই এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে এক যুবককে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হলে মোটরসাইকেলটি থামায় টহল দল। পরে সেটির চালক ইমাম হোসেনকে তল্লাশি করে তার ব্যাগে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন তিন কেজি ৭১৯ গ্রাম।
বিজিবির পক্ষ থেকে মামলার পর আটক ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান।
