বন্যায় ভেসে গেছে মাছ, ঋণ শুধতে ‘চিন্তায়’ চাষিরা
ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান মাছচাষিরা
ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলেন নেত্রকোণার সদর উপজেলার বহ্নী গ্রামের ইফতেখারুল করিম। কিন্তু সম্প্রতি বন্যায় তার সবগুলো খামারের মাছ ভেসে গেছে। এ পরিস্থিতিতে একই তো ঘুরো দাঁড়ানোর চিন্তা; তাতে মরার উপর খাড়ার ঘাঁ ঋণ পরিশোধের দুশ্চিন্তা।
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গত জুন মাসে যে ভয়বহ বন্যার সৃষ্টি হয়, তাতে পুকুরের মাছ ভেসে যাওয়ায় ইফতেখারুলের মত নেত্রকোণার অন্যান্য মাছ চাষিরাও ক্ষতির মুখে পড়েছেন।
এ অবস্থায় ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান দিশেহারা এসব মাছচাষিরা। আর মৎস্যবিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত মৎস খামারিদের সহায়তায় ব্যবস্থা নিচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইফতেখারুল বলেন, “ছয়টি পুকুরে মাছ ও পোনামাছ চাষ করতাম। এক রাতে বন্যার পানিতে পুকুরের সব পাড় তল অইয়া যায়। সকালবেলা দেখলাম যে, পুকুরে কোনো মাছই নাই। আমার অন্তত ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে।”
মাছ চাষ করতে অনেকের কাছ থেকে ধারদেনা করেছেন, এখন সেই দেনা কিভাবে মেটাবেন সেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে এ মাছ চাষির। বলেন, “অহন এই ঋণ কিবায় পরিশোধ করাম। খায়ামই কি। সংসারই কেমনে চালায়াম।
“এইটাই ছিল একমাত্র রুটিরুজির জোগাড়। এখন সহায় সম্বলহীন অবস্থা; চোখে অন্ধকার দেখতাছি। সরকার যদি কোন প্রণোদনার মাধ্যমে আর্থিক সহযোগিতা দেয় তাহলে নতুন কইরা আবারও চাষাবাদ করার সাহস পাবো। ”
নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের দেওয়া তথ্যমতে, এবারের বন্যায় জেলার দশটি উপজেলার ৭৭টি ইউনিয়ন প্লাবিত হয়।
কিছু বুঝে উঠার আগেই উজানের পাহাড়ি ঢলে পানি বেড়ে হাওর ও পুকুরসহ উঁচু এলাকার রাস্তা ছাপিয়ে বাড়িঘরেও ঢুকে পড়ে। এ অবস্থায় মৎস খামারিদের পুকুরের মাছও ভেসে গেছে।
নেত্রকোণা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর জানান, বন্যায় মোট ২৬ হাজার ৪১৭টি ছোটবড় পুকুর, দীঘি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে; যার আয়তন ৩ হাজার ৫৩৮ দশমিক ৯৪ হেক্টর। এতে ১৫ হাজার ৮২৬ জন মাছ চাষির ১১ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর মধ্যে ৭ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার টাকার ৮ হাজার ২৪৭ মেট্রিকটন মাছ ,৩ কোটি ৩০লাখ ৩২ হাজার টাকার ৩৭ কোটি ৪১ লাখ ৮৯ হাজার মাছের পোনা এবং ১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
“মাছ চাষিদের কারও ৪টি পুকুর, কারও ৬টি আবার কারও তারও বেশি পুকুর থেকে চাষের মাছ ভেসে যাওয়ায় তাদের স্বপ্নও ভেসে গেছে বানের পানিতে।” যোগ করেন এ মৎস কর্মকর্তা।
নেত্রকোণার সদর উপজেলার বহ্নী গ্রামের আজিজুল ইসলামের পাঁচটা পুকুরের মাছও বন্যার পানিতে ভেসে গেছে একরাতে। মাছ হারিয়ে দিশেহারা এ চাষি জানালেন, তার মত একই অবস্থা জেলার ১৫ হাজারেরও বেশি মাছ চাষির।
ভারাক্রান্ত গলায় তিনি বলেন, “ পুকুরে মাছ চাষ করার জন্য ঋণ করছিলাম। যা কিছু ছিল সব এক রাইতে থৈ থৈ কইর্যা পানি বাইড়া তলায়া গেছে। এখন আমি অসহায়। আমি কি করব, এইটা ভাইবে পাইনা। অহন যদি সরকারে কিছু লোন দিত তবে আবার মাছ চাষ করতে পারতাম।“
গত ১৫-২০ বছরের মধ্যে বন্যায় এমন পানি দেখেন নাই ওই এলাকার মাছ চাষি আলতাবুর রহমান। পুকুর তলিয়ে যাবে ধারণাও ছিল না, ফলে মাছ রক্ষায় কোনো প্রস্তুতিও ছিল না তার।
সেদিন কি হয়েছিল জানতে চাইলে আলতাবুল বলেন, “এতো দ্রুত তলায়া গেছে কিছু যে একটা করবো , জাল দিয়া বের দিব তাও করতে পারি নাই। লাখ লাখ টাকার পাবদা, শিং, রউ, কাতল, রেণু আছিল। সব বের হয়ে গেছে। সব হারায় দিশেহারা অবস্থায় আছি।
“সরকার যদি আমাদের পাশে একটু দাঁড়ায় তাইলে আমরা আবার ঘুইর্যা দাঁড়াইতাম পারবাম। আর না হয় সম্ভব হবে না।”
একই উপজেলার পাটলী গ্রামের শহীদুল ইসলামের ৩ একরের তিনটা পুকুরের ৫ লাখ টাকা মাছ ভেসে গেছে বলে তিনি জানিয়েছেন।
আর শায়েদুল ইসলাম বলেন, তার সাত লাখ টাকার মাছ বানের পানিতে রাতারাতি ভেসে গেছে। তাদের মতোই একই অবস্থা জেলার ১৫ হাজারেরও বেশি মাছ চাষির।
চাষিদের সহায়তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান বলেন, “চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকাও তৈরি করা হয়েছে। তাদের সহায়তায় যা যা প্রয়োজন, করা হবে।
তিনি জানান, জেলায় মাছ চাষির সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।
