২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মী ও স্থানীয় শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 01:23 PM

Updated : 09 Oct 2026, 02:16 PM

গাজীপুরের টঙ্গীতে ‘ইউনাইটেড পরিবহনের’ একটি বাসের চাপায় এক পোশাক শ্রমিকের প্রাণ গেছে।

গাজীপুরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম জানিয়েছেন।

নিহত ৩৫ বছর বয়সী রহিমা বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় অতিরিক্ত সময়ের কাজ (ওভারটাইম) শেষে ফেরার পথে পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা বেগম। এ সময় ‘ইউনাইটেড পরিবহনের’ একটি বাস রহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীসহ স্থানীয় শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মাকসুদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রহিমার লাশ উদ্ধার করে। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।