ঝালকাঠিতে হাসপাতাল প্রাঙ্গণে নার্সকে ছুরিকাঘাত
বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।
ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গণে দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক নার্স।
মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়ার্টারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।
আহত নার্স শাজমিন জাহান জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজের কোয়ার্টার থেকে সদর হাসপাতাল কম্পাউন্ডে হাঁটতে বের হন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত তার পথরোধ করে অশালীন ভাষায় কথা বলে, পরে ছুরি দিয়ে নার্স এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
এ সময় শাজমিনের চিৎকার করলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পাওয়া শাজমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শাজমিনের স্বামী স্বাস্থ্যকর্মী রেজাউল হাসান অভিযোগ করে বলেন, “হাসপাতাল কম্পাউন্ডটি অরক্ষিত। গেট থাকলেও তার দরজা নেই। নিয়মিত এখানে মাদকসেবীদের আড্ডা বসে।
“প্রায়শই হাসপাতালের পেছনের আবাসিক এলাকায় চুরি-ছিনতাইও ঘটছে। এই অনিরাপদ অবস্থায় আমাদের থাকতে হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণেই আজ এমন ঘটনা ঘটেছে।”
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সানি বলেন, “আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”
এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন জানিয়ে ওসি নাসির উদ্দিন সরকার বলেন, “আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্ত করে ওই দুর্বৃত্তকে আটকের জন্য অভিযান করা হচ্ছে।”
