২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত রৌমারী সার্কেল এএসপি

সাময়িক বরখাস্ত এ কর্মকর্তা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত রৌমারী সার্কেল এএসপি

সাময়িক বরখাস্ত হওয়া এএসপি সোহেল উদ্দিন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2023, 09:59 PM

Updated : 18 May 2023, 09:58 PM

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় অভিযুক্ত এক সহকারী পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ হয়েছে। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা এ প্রজ্ঞাপন জারি করে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার নাম সোহেল উদ্দিন। তিনি সবশেষে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের এএসপি হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় ২০২২ সালে ২ অক্টেবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

“পরে একই বছরের ১০ নভেম্বর আদালত এ মামলায় সোহেল উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করে। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”

তবে সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১ বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ সোহেল উদ্দিনের জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। এর মধ্যে তিনি পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে।

সোহেল উদ্দিন বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন জানিয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন বলেন, “আমরা এখনও অফিসিয়ালি কোনো তথ্য পাইনি।”

এ বিষয়ে জানতে সোহেল উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।