রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দরকার চাপ বৃদ্ধি: ব্রিটিশ হাই কমিশনার
‘তবে কাজটা এত সহজ নয় যে তাড়াতাড়ি হয়ে যাবে।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের চাপ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ (বৃহস্পতিবার) রোহিঙ্গা ট্র্যাজেডির পঞ্চম বর্ষপূর্তি। রোহিঙ্গারা অনেক ভাগ্যবান। যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল তখন এ দেশের সরকারের কাছ থেকে অভূতপূর্ণ সহযোগিতা পেয়েছে।
“রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে আমাদের পক্ষ থেকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে কাজটা এত সহজ নয় যে তাড়াতাড়ি হয়ে যাবে। এ জন্য আমাদের সঙ্গে অন্যান্য দেশেরও চাপ বৃদ্ধি করা প্রয়োজন।”
তিনি বলেন, “আমরা যখনই রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব তখনই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।”
সংবাদ সম্মেলনের আগে ডিকসন শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারী ছিলেন ডিকসনের সঙ্গে।
