২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মাকে বাঁচাতে মেঘনায় ঝাঁপ দিয়ে ছেলে নিখোঁজ

সাঁতার কেটে ভেসে থাকা মাকে উদ্ধার করা গেলেও ছেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

মুন্সীগঞ্জে মাকে বাঁচাতে মেঘনায় ঝাঁপ দিয়ে ছেলে নিখোঁজ

নিখোঁজ নাইম হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 06:44 PM

Updated : 10 Oct 2022, 07:39 PM

অভিমান করে চলন্ত লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেঘনায় লাফিয়ে পড়া মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন ছেলে।  

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে বলে গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজুল জান্নাত জানান। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে কোস্ট গার্ড সদস্যরা জানান, লঞ্চে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে নাইম হোসেনের (২১) সঙ্গে রাগ করে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দেন জামেরুন বেগম (৪০)। এ সময় মাকে বাঁচাতে ছেলেও চলন্ত লঞ্চ থেকেই মেঘনায় ঝাঁপ দেয়। 

এ ঘটনায় লঞ্চটি থামানো হলে সাঁতার কেটে ভেসে থাকা জামেরুন বেগমকে উদ্ধার করা গেলেও ছেলে নাঈম সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। 

নিখোঁজ নাঈমের বাড়ি শরীয়তপরের সখীপুরে; তার বাবার নাম আক্তার হোসেন। 

এসআই রিয়াজুল জান্নাত জানান, এই ঘটনার পরই কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড পাগলা স্টেশনের দুটি উদ্ধারকারী দল এবং একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। কিন্তু স্রোতের মধ্যে মেঘনায় ডুবে যাওয়া যুবকের সন্ধান পাওয়া যায়নি।