২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ‘পরকীয়ার জেরে’ গৃহবধূ খুন, দুজনের স্বীকারোক্তি

ধর্ষণে ব্যর্থ হয়ে সাজেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

জয়পুরহাটে ‘পরকীয়ার জেরে’ গৃহবধূ খুন, দুজনের স্বীকারোক্তি

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 10:20 PM

Updated : 10 Oct 2022, 10:20 PM

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৮) হত্যা মামলায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, দুই আসামি সোমবার ১৬৪ ধারায় মুখ্য বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দুই আসামি হলেন- জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩) এবং একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৩)। 

২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগানের ভাড়া বাসা থেকে সাজেদার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুদিন পর ২৯ সেপ্টেম্বর গৃহবধূর স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। 

পুলিশ জানায়, প্রথমে রাব্বী হোসেনকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। 

এ হত্যাকাণ্ড নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ।  

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পরকীয়া সম্পর্কের জের ধরে গৃহবধূ সাজেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়। সাজেদার স্বামী হাফিজুল চাকরির কারণে অধিকাংশ সময় জেলার বাইরে থাকতেন। তাদের দাম্পত্য সম্পর্ক ভাল ছিল না। সাঈদ ছিলেন সাজেদার মেয়ের শিক্ষক। ফেইসবুকের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সাঈদ বিষয়টি তার বন্ধু রাব্বীকেও জানায়।    

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ঘটনার দিন সকালে সাজেদার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে চলে যায়। সকালে সাঈদের সঙ্গে সাজেদার মোবাইলে কথা হয়। কেউ বাসায় না থাকার সুবাদে সাঈদ ও রাব্বী দুজনই সাজেদার বাসায় যায়। একপর্যায়ে একা পেয়ে সাজুকে দলবেঁধে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে সাজেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়।    

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোশফেকুর রহমান, সদর থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা ডিবি পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন।