২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলে বসে এসএসসি পরীক্ষা

ওই শিক্ষার্থী শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলে বসে এসএসসি পরীক্ষা

ফাইল ছবি

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 11:59 PM

Updated : 15 Sep 2022, 11:59 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন জেল হাজতে থেকে।

নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় জেল হাজতে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।

ওই শিক্ষার্থী শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়র ছাত্র।

শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষার্থীর কেন্দ্র ছিল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে। তিনি শ্রীমঙ্গল আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের একজন শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান অয়ন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ওই শিক্ষার্থী জেলে থেকে জেল সুপারের মাধ্যমে মৌলভীবাজার আদালতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে বোর্ড কন্ট্রোলারকে নির্দেশ দেয় এবং আদালতের নির্দেশ মোতাবেক কারাগারের মধ্যেই তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়।”

মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী তার পরীক্ষার প্রশ্ন ও খাতা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে দেওয়ার কথা। কিন্ত শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার জেল হাজতে নিয়ে যেতে যে সময় যাবে তাতে ওই পরীক্ষার্থীর অনেক সময় চলে যাবে। তাই জেল হাজতের কাছের কেন্দ্র মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।

তিনি জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলার ৪১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত উপজেলার ৩০ হাজার ৫ জন শিক্ষার্থী।

মো. হেলাল আহমেদ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পারের টং গ্রামের বাসিন্দা নওসু মিয়ার ছেলে।