২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘ঘুষের টাকাসহ’ শিক্ষা অফিসের সহকারী আটক

অফিস সহকারীকে আটক ও তার কাছ থেকে ঘুষের ১৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান দুদক কর্মকর্তা।

রংপুরে ‘ঘুষের টাকাসহ’ শিক্ষা অফিসের সহকারী আটক

দুদকের হাতে আটক শহিদুল ইসলাম সরকার

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:12 PM

Updated : 17 Oct 2022, 06:12 PM

রংপুরে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক।

অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, “এ সময় অফিস সহকারী শহিদুল ইসলাম সরকারকে ঘুষের টাকাসহ আটক করা হয়।”

তিনি জানান, কয়েকজন শিক্ষকের অভিযোগ ছিল, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন অফিস সহকারী শহিদুল ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে শহিদুলকে আটকের পর তার কাছ থেকে ঘুষের ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

“পরে শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়।”

হোসাইন শরীফ আরও জানান, তার বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে; অনুমোদন পেলে মামলা দায়ের করা হবে।

অভিযানের সময় দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ছিলেন।