২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবুর চারায় গোপালগঞ্জের সামাউলের কোটি টাকা আয়

ওই কৃষক জানান, লেবু গাছে গুটি কলম করে চারা উৎপাদন করেন তিনি। প্রতিটি গাছ থেকে বছরে কমপক্ষে ২৫ থেকে ৩০টি চারা করা যায়। প্রতিটি চারা ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন।

লেবুর চারায় গোপালগঞ্জের সামাউলের কোটি টাকা আয়

নিজের লেবু বাগানে গুটি কলমের পরিচর্যা করছেন মো. সামাউল ইসলাম

মনোজ সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 10:31 AM

Updated : 30 Jul 2023, 10:47 AM

সিডলেস সুগন্ধি বারি ৪ জাতের লেবুর চারা উৎপাদন করে বছরে কোটি টাকা আয় করছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুরের কৃষক মো. সামাউল ইসলাম।

তিনি জানান, তার ১৬ একরের লেবু বাগানে ১২ হাজার গাছ রয়েছে। লেবু বিক্রির পাশাপাশি প্রতিটি গাছ থেকে তিনি গুটি কলমের মাধ্যমে বছরে ২৫ থেকে ৩০টি চারা উৎপাদন করছেন। প্রতিটি লেবুর চারা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করেন।  

৫৫ বছর বয়সি সামাউলের লেবু বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে থোকায় থোকায় লেবু ধরে আছে। সেখান থেকে প্রতিদিন তিনি লেবু সংগ্রহ করে বিক্রি করছেন।

এছাড়া প্রতিটি লেবুগাছে গুটি কলম করেছেন। এই গুটি কলম থেকেই হচ্ছে চারা। এই চারা রোপনের ৩ মাসের মধ্যেই লেবু ধরছে বলে জানান তিনি।

তাই তার লেবুর চারা কিনে নিয়ে অনেকেই সিডলেস বারমাসী সুগন্ধি বারি ৪ লেবুর চাষ করে সফল হচ্ছেন। 

কৃষক সামাউল ইসলাম বলেন, গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় ৩ বছরে আগে তিনি কদমপুর গ্রামের  ১৬ একর জমি লিজ নিয়ে সিডলেস বারমাসী বারি ৪ লেবুর চাষ শুরু করেন। তার বাগানে বর্তমানে ১২ হাজার লেবু গাছ আছে।

প্রথম বছর থেকেই লেবুর ফলন পেতে শুরু করেন জানিয়ে সামাউল বলেন, “তবে ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে এই লেবুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। তারপরও সারাবছর আমি এই লেবু বিক্রি করি। আমার বাগানের লেবুর ফ্লেভার ভাল। লেবুতে কোনো বিচি নেই।

“এছাড়া এই লেবুতে প্রচুর রস আছে। লেবুটি সালাদ ও শরবতে বেশি ব্যবহৃত হয়। এ কারণে বাজারে আমার লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া আমি লেবু গাছে গুটি কলম করে লেবুর চারা উৎপাদন করি। প্রতিটি লেবু গাছ থেকে বছরে কমপক্ষে ২৫ থেকে ৩০টি চারা করা যায়। প্রতিটি চারা ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করি। বর্ষাকালে চারার চাহিদা সবচেয়ে বেশি থাকে।”

দেশের বিভিন্ন জেলা ছাড়াও সৌদি আরব, বাহরাইন, কাতার, মলয়েশিয়ায় লেবুর চারা বিক্রি করেছেন জানিয়ে সামাউল বলেন, “আমার চারা রোপনের ৩ মাসের মাথায় ফলন পাওয়া যায়। আমার এই চারা দিয়ে দেশে অন্তত ৩০টি বাণিজ্যিক লেবুর বাগান গড়ে উঠেছে। এছাড়া এখান থেকে লেবুর চারা কিনে নিয়ে অনেকে বাড়িতে রোপন করেন। লেবুর বাগান ও চারা বিক্রি করে আমি লাভবান হয়েছি।”

গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এমএম কামরুজ্জামান বলেন, “সামাউল ইসলাম একজন পরিশ্রমী ও উদ্ভাবনী প্রতিভাবান কৃষক। তিনি ৩ বছরে আগে আমাদের উৎসাহে সিডলেস বারমাসী বারি ৪ লেবু চাষ শুরু করেন। আমরা তাকে চারা, সার, ছত্রাকনাশক, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি।”

গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচএম খায়রুল বাশার বলেন, “আমাদের এই জাতের লেবু প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ফলন দেয়। ৩৬৫ দিনে এই জাতের একটি লেবু গাছ ৫০০ থেকে ৬০০টি লেবু ফলন দিতে সক্ষম। তাই প্রতিদিন গড়ে একটি গাছ থেকে দুইটি লেবু সংগ্রহ করা যায়। লেবুটি সুগন্ধযুক্ত তাই শরবত ও সালাদে এই লেবু সবচেয়ে বেশি সমাদৃত।

“সারাদেশে বারমাসী এই লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই লেবু চাষ করে সামাউল লাভবান হয়েছেন। এছাড়া তিনি লেবুর চারা উৎপাদন করে বিক্রি করছেন। এতে তার বেশ টাকা রোজগার হচ্ছে। তিনি দেশে লেবু বাগান সম্প্রসারণে অবদান রাখছেন। এছাড়া লেবু বাগান করে অনেকেই সামাউলের মতো সাবলম্বী হচ্ছেন।”

কদমপুর গ্রামের কৃষক মো. ওবায়দুর রহমান (৫২) বলেন, সামাউল একজন উদ্ভাবনী ও প্ররিশ্রমী কৃষক। তিনি ১৫ বছর আগে যশোর থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে আসেন। তিনি এখানে কলা, পেয়ারা, মাল্টা, কুল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেন। এখন লেবুতে বাজিমাত করেছেন। তিনি একই জমিতে বারবার এক জাতীয় ফসল আবাদ করেন না। তাকে এই এলাকার অনেক কৃষক অনুকরণ করে লাভবান হচ্ছেন বলে দাবি করেন ওবায়দুর রহমান।

মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা গ্রামের শামীম বলেন, “আমি সামাউলের কাছ থেকে লেবুর চারা নিয়ে ১ বিঘা জমিতে লেবুর নতুন বাণিজ্যিক বাগান করেছি। আমি সামাউলকে অনুকরণ করি। তাকে অনুকরণ করে আমি সফল হবই।”