কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
অন্য পর্যটকরা একজনকে উদ্ধার করতে পারলেও পারভেজ নিখোঁজ হন।
পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সাগরে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল ৩টার দিকে সাগর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. আবদুল খালেক জানান।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, নিহত মাহবুবুর রহমান পারভেজ (২৯) ঢাকার রায়েরবাগের আব্দুর রহমানের ছেলে। রোববার সকালে ঢাকা থেকে তারা চার বন্ধু কুয়াকাটায় বেড়াতে আসেন।
এএসপি আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা চারজন বেলা ১১টার দিকে সৈকতে আসেন। দুই বন্ধু সাগর পাড়ে অপেক্ষমান থাকলেও আমীর হোসেন ও মাহবুবুর রহমান পারভেজ সাগরে গোসলে নামেন।
“এক পর্যায়ে ঢেউয়ের টানে দুইজনই ভেসে যান। তবে আমীর হোসেনকে গোসলে থাকা অন্য পর্যটকরা উদ্ধার করতে পারলেও পারভেজ নিখোঁজ হন। বিকালে লাশ উদ্ধারের পর মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
নিহত পারভেজ একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলেও জানান ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা খালেক।
