গাছ লাগানোয় ‘ভাবনা’
এক হাজার দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
দিনাজপুরে বিভিন্ন প্রজাতির এক হাজার দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে একটি বেসরকারি সংস্থা।
'মাটিতে রোপণ করি শোকের শক্তি'— এই স্লোগানকে ধারণ করে বেসরকারি সংস্থা 'ভাবনা' মঙ্গলবার আম, জাম, কাঁঠাল, পেয়ারা, তেঁতুল, আমলকী, জলপাই, হরিতকি, বয়েরা, চন্দন, কাঞ্চন, কৃষ্ণচূড়া, সোনালু, শিমূল, নিম ইত্যাদি গাছের চারা রোপণ করে।
দিনাজপুর জেলাজুড়ে ‘ভাবনা’ দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করে যাচ্ছে। এবারের এই আয়োজন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে।
দিনাজপুরের সদর উপজেলার ১ নম্বর চেহেল গাজী ইউনিয়নের মহাবলিপুর গ্রামের পাশে পুনর্খনন করা ঐতিহ্যবাহী ঘাগরা খালের ধার দিয়ে প্রায় এক কিলোমিটারের বেশি এলাকায় এসব চারা গাছ রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ‘ভাবনা’র নির্বাহী প্রধান মুস্তাফিজুর রহমান রূপম বলেন, দিনাজপুরে এক সময় প্রচুর গাছপালা ও বন ছিল। এখন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৩ শতাংশ বনের প্রয়োজনীয়তা থাকলেও আছে মাত্র ১৫ শতাংশ। তাই আমাদের উত্তর প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে বেশি করে গাছ লাগানোর এবং পরিচর্যা করে সেগুলো বড় করে তুলবার জন্য।
বাংলাদেশের পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাসসহ ক্ষতিকর গাছগুলোর চারা রোপণ না করতে তিনি সবাইকে অনুরোধ করেন।
বৃক্ষরোপণের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্তজা আল মুয়িত, সদর উপজেলার চেয়ারম্যান ইমদাত সরকার, জেলা ভেটেরিনারি কর্মকর্তা আশিকা আকবর তৃষা, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মামুন হাসান চৌধুরী, শহর সমাজ সেবা কর্মকতা মাইনুল হাসান।
এ ছাড়া স্থানীয় চাঁদগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রায় তিনশ ছাত্রছাত্রী, শিক্ষক, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট ও গ্রামবাসী বৃক্ষরোপণ কার্যক্রমে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
