গাজীপুরে কয়েল কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কয়েল শুকানোর ড্রায়ার মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গাজীপুর মহানগরে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার সকালে নগরীর কুনিয়া তারগাছ এলাকার জয় কেমিকেল কোম্পানির ফ্যামিলি মশার কয়েল কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই। পরে সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
দীর্ঘ চেষ্টার পরে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে; যা দুপুর ১টা ৪০মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান এ ফায়ার কর্মকর্তা।
তিনি আরও বলেন, আগুনে কারখানার শেড, আসবাব ও তিনটি ড্রায়ার মেশিনসহ বেশ কিছু মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানাটির কয়েল শুকানোর ড্রায়ার মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
