সাগরে মিলল সাড়ে ৪ মণের ‘সেইল ফিস’
১২ ফুট দৈর্ঘ্য ও দুই ফুট চওড়া মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
পটুয়াখালীর কুয়াকাটার দক্ষিণে বঙ্গোপসাগরে জালে সাড়ে চার মণ ওজনের একটি ‘সেইল ফিস’ ধরা পড়েছে; স্থানীয়রা যাকে ‘পাখি মাছ’ নামে ডাকেন।
বুধবার রাতে মাছটি পাওয়া যায়; বৃহস্পতিবার দুপুরে সেটি বিক্রির জন্য কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে নিয়ে যান মো. জাহাঙ্গির মাঝি। মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী ইউনুস বয়াতী।
জাহাঙ্গীর মাঝি স্থানীয় সাংবাদিকদের বলেন, “রাতে যখন মাছটি আটকা পড়ে তখন মনে হয়েছিল, জালটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ১২ ফুট দৈর্ঘ্য ও দুই ফুট চওড়া মাছটির ওজন ১৮৫ কেজি।”
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, সেইল ফিস নামে পরিচিত এই মাছ গভীর সাগরে বিচরণ করে। বেশি ওজনের দ্রুতগামী এসব মাছ সচরাচর ধরা পড়ে না।
