ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রলির সংঘর্ষ, নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দুর্ঘটনার খবর দেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু।
নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে ট্রলিচালক মহিম উদ্দিন (৩৯) ও ট্রলির যাত্রী ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০)।
ওসি সুখেন্দ্র বলেন, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
