২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পৃথক সড়কে প্রাণ হারালেন বৃদ্ধ ও স্কুলছাত্র

নবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে কিশোর ও চুনারুঘাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

হবিগঞ্জে পৃথক সড়কে প্রাণ হারালেন বৃদ্ধ ও স্কুলছাত্র

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2023, 08:28 PM

Updated : 04 Jun 2023, 08:28 PM

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও ষাটোর্ধ্ব এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

রোববার সকালে নবীগঞ্জে কিশোর ও চুনারুঘাটে বৃদ্ধ নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শিবলু হাসান স্কুলে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবলু হাসান (১৪) উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এদিকে চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় ষাটোর্ধ্ব মো. লেচু মিয়া নিহত হয়েছেন। তিনি উপজেলার খড়কি গ্রামের বজলুর রহমানের ছেলে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।