সংসদ অধিবেশন ‘প্রতিহতের’ হুঁশিয়ারি বিএনপির ফারুকের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ‘প্রতিহত’ করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
বিএনপিবিহীন ৭ জানুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মত জয় পেয়েছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩০ জানুয়ারি সেই সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
বিএনপি এই নির্বাচন বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করেছে। দলটি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচিও ঘোষণা করেছে।
এর মধ্যে কুমিল্লায় জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “এই নির্বাচন জনগণ মেনে নেয়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। ২০১৪ সালে ‘অটোপাস’ করেছেন। ২০১৮ সালে ‘নিশিরাতে’ নির্বাচন করেছেন। আর ২০২৪ সালে ‘ভাইয়ে-ভাইয়ে’ নির্বাচন করে আবারও বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবেন।
“আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবেন, মামলা করে জেলে দেবেন- এমনটা আর সহ্য করা হবে না। তাই ৩০ জানুয়ারি যে সংসদ বসবে, বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে”, বলেন বিএনপি নেতা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় নগরীর কান্দিরপাড়ের বিএনপির কার্যালয়ের সামনের কালো পতাকা মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এই হুঁশিয়ারি দেন।
‘কারাগার আর দুদক কি শুধু বিএনপি জন্য’
বিএনপি নেতা ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, “কারাগার আর দুদক কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য? এবারের একতরফা নির্বাচনে যারা হলফনামা দিয়েছেন সংসদ সদস্য হওয়ার আগে দুদক কি তাদের ব্যাপারে চোখে ‘কালো পতাকা’ দিয়ে রেখেছে?
“২০১৮ সালের নিশিরাতের নির্বাচনের পরে কত লক্ষ-কোটি টাকা রুজি করেছেন, তা এমপিদের হলফনামায় ও পত্রিকায় লেখা হয়েছে। তাহলে দুদক শুধু কি বিএনপির জন্য? দুদক শুধু কি তারেক রহমানের জন্য? জেলখানা কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য?”
এ সময় নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, “আপনারা জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছে। আর ৩০০ জন নাকি ৩০ তারিখ পর্যন্ত বলবৎ আছেন।
“২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ‘মৃত ব্যক্তির’ ভোটে নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে নির্বাচিত হয়েছেন ‘নাবালক শিশুর’ ভোটে”, বলেন ফারুক।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং দলের কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব তারেক মুন্সী।
