খাগড়াছড়িতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
খাগড়াছড়ি গুইমারা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতিমুড়ার সিকান্দর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মো. আরিফুর রহমান।
নিহত ২৮ বছরের মো. শহীদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে।
ওসি আরিফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”সকালে শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে হাতিমুড়া এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে বাস চাপা পড়ে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
