২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু, যুবলীগ নেতা গ্রেপ্তার

লুনেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন বারীকে বুধবার রাতে মামলার পর পরই গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 07:42 PM

Updated : 11 Jan 2024, 07:58 PM

নেত্রকোণা-১ আসনে আটপাড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নিহতের ভাই সোহাগ হাসান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলাটি করেন বলে জানান আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।

উপজেলার লুনেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন বারীকে মামলার পর পরই গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে পুলিশ জানায়, সংসদ নির্বাচনের পর রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদারের সমর্থকরা দেওগাঁও বাজারে বিজয় মিছিল করেন। এ সময় নৌকার সমর্থকদের হামলায় নুরুল আমিনসহ অন্তত ১২ জন আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন মারা যান।

নুরুল আমিন লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

এ ঘটনার করা মামলায় লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ সদস্য জুনায়েদ, সাখাওয়াত হোসেন বারীর নাম রয়েছে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ওসি আরো জানান, গ্রেপ্তার বারীকে নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।