বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে ‘দলবেঁধে ধর্ষণ’: আদালতে অভিযোগপত্র
বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলে তাকে তুলে নিয়ে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে দলবেঁধে ধর্ষণ করা হয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগপত্র দেওয়া হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক শীতল পাল জানান।
আসামিরা হলেন- রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪), তূর্য মোহন্তকে (২৬), জীবন (২৫) ও ফরিদ (২৬)।
পরিদর্শক শীতল পাল বলেন, আটজনের মধ্যে পাঁচজন সরাসরি ধর্ষণের সাথে জড়িত। বাকি তিনজন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
“তাদের মধ্যে দুইজনের ডিএনএ ম্যাচ করেছে।”
গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সে সময় তাকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে ‘দলবদ্ধ ধর্ষণ’ করেন তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন, যা আন্দোলনে রূপ নেয়। দীর্ঘদিন সে আন্দোলন অব্যাহত থাকে।
আসামিরা ধরা পড়ার পর এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে ক্যাম্পাস শান্ত হয় ।
মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, “যেহেতু ডিএনএ টেস্টে আসামিদের শনাক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত সেই ছাত্রীও কোনো অভিযোগ দেননি, তাই আপাতত বিষয়টি আমরা মেনে নিয়েছি। ছাত্রী যদি কোনো অভিযোগ করেন তাহলে আমরা পরবর্তী আইনি ব্যাবস্থার দিকে যাব।”
