২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যানির বাসায় হামলার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

আওয়ামী লীগ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এ্যানির বাসায় হামলার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

হামলাকারীরা জানালার কাচ ভাংচুর করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 12:09 AM

Updated : 23 Aug 2022, 12:09 AM

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন গো হাটা এলাকায় এ হামলা হয় বলে বিএনপির স্থানীয় নেতারা জানান।

তবে আওয়ামী লীগ এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

বিএনপি নেতারা বলেন, হামলায় এ্যানির ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, কেয়ারটেকার শিবলু ও কাজের লোক মো. মানিক আহত হয়েছেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, ঘটনার সময় এ্যানির ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে উপস্থিত ছিলেন। এ্যানি খিলবাইছা এলাকায় সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আয়োজিত জনসমাবেশে ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, আওয়ামী লীগে নেতা হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

তিনি বলেন, প্রায় ৪০টি মোটরসাইকেলেযোগে নেতাকর্মীদের নিয়ে এসে এ্যানি চৌধুরীর বাসা ভাঙচুর করে। তার ভাই ও ছেলেসহ চার জনকে পিটিয়ে আহত করে। জানালার গ্লাস, জানালার দরজা, এয়ারকন্ডিশনার, টেবিল ও বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা।

“বার বার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।”

সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, “কে বা কারা এ্যানির বাড়িতে হামলা চালিয়েছে – তা আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।