২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষক হত্যায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

একই মামলায় সাতজনকে খালাস দিয়েছে আদালত।

কুষ্টিয়ায় কৃষক হত্যায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দেড় দশক আগে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে কৃষক রেজাউলকে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 07:55 PM

Updated : 31 Oct 2022, 07:55 PM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দেড় দশক আগে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে কৃষক রেজাউলকে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম দুই সাজাপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মৃত রহমত সেখের ছেলে উজ্জ্বল হোসেন (৪৭), জালাল উদ্দিন (৫৬), সেজ্জাত ওরফে সুজাত (৪৩), আব্দুল গফুর (৬৭) এবং সুজন হোসেন (৩৮)।

এর মধ্যে উজ্জ্বল ও গফুর আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টায় উপজেলার খোদ্দবনগ্রামের রেজাউল তার মামা জামালকে নিয়ে ধান ক্ষেতে সেচ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই রেজাউল মারা যান। পরে স্বজনরা জামালকে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মামা আফিল উদ্দিন সেখ বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০৮ সালের ৭ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এসআই সামছুল আলম সিদ্দিকী।

আইনজীবী অনুপ কুমার বলেন, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে।