জামালপুরে আর্জেন্টিনার পতাকা কেটে ফেলায় থানায় অভিযোগ
এ ঘটনায় আর্জেন্টিনার দলের সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জামালপুরের সরিষাবাড়ীতে কাতার বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার সমর্থকদের টানানো ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় আর্জেন্টিনার দলের সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বুধবার দুপুরে মাসুদুর রহমান নামের এক ব্যক্তি সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগও করেছেন।
‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’র আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, “সরিষাবাড়ী পৌরসভার সামনে টানানো ১ হাজার ৬০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়েছিলাম। মঙ্গলবার রাতে কে বা কারা পতাকাটির বিভিন্ন স্থানে কেটে ফেলেছে।”
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাতার বিশ্বকাপ উপলক্ষে গত ১৮ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’।
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই করে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার ‘মেন্দাভাতের’ আয়োজন করার ঘোষণা দেয় দলটির সমর্থক মাসুদুর রহমান।
