ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু
এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে আহত একজনের পরিবার।
ফরিদপুরে জমিতে ধান রোপন করতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ফরিদপুর সদর থানার পরিদর্শক আব্দুল জলিল জানিয়েছেন।
নিহত মো. আলী সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। হামলায় আহত আরও কয়েকজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত মঙ্গলবার সকালের ওই হামলার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে জানিয়ে পরিদর্শক আব্দুল জলিল বলেন, “আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”
স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে আলীর সঙ্গে গ্রামের একটি পক্ষের বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে। এর জের ধরে মঙ্গলবার তার ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়।
নিহতের ভাগ্নে ওবায়দুর রহমান মৃধা বলেন, লোকজন নিয়ে বাড়ির পাশের ওই জমিতে ধান রোপন করতে গিয়েছিলেন তার মামা। প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে ছয়-সাতজনকে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত মো. আলীকে প্রথমে ফরিদপুরে এবং পরে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে আব্দুস সালাম (৭০), আনোয়ার হোসেন (৫০), ওহাব শেখ (৬৫), সাখাত (৪০) ও মঞ্জু (২৮) নামে পাঁচজন ফরিদপুর মেডিকেলে ভর্তি আছেন। তাদের মধ্যে সালাম ও আনোয়ারের অবস্থা গুরুতর।
আহত ওহাব শেখের ছেলে আক্কাস শেখ বুধবার রাতে কোতোয়ালি থানায় ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
পরিদর্শক আব্দুল জলিল বলেন, আসামিদের গ্রেপ্তারে তারা ‘সর্বাত্মক চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন।
