গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
রানা মোল্লা ও তার তিন বন্ধু বিকালে রঘুনাথপুর ঘুরতে যান। সেখানে ১৫/১৬ জন লোক রানাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
গোপালগঞ্জ সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সদর থানার ওসি সেখ নাসীর উদ্দীন জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুরে এ ঘটনা ঘটে।
নিহত রানা মোল্লা (৩৫) সদর উপজেলার কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের বাদল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন।
স্থানীয়দের বরাতে ওসি নাসীর বলেন, রোববার বিকালে রানা মোল্লা ও তার তিন বন্ধু রঘুনাথপুর এলাকায় ঘুরতে যান। সেখানে ১৫/১৬ জন লোক রানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
সেখান থেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদু সরদারের সঙ্গে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
