মাদারীপুরে শাজাহান খানের উপস্থিতিতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রতক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মাদারীপুরে সংসদ সদস্য শাজাহান খানের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপেক্ষ ১০ জন আহত হন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এক পরিচিতি সভায় এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
আহতের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জুয়েল হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২৫), মনা খলিফার ছেলে মাসুদ খলিফা (৩৫), নূর মোহম্মদ হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (২৮), খালেক মুনশির ছেলে নাঈম মুনশি (১৭), লিটন হাওলাদারের ছেলে অর্ক হাওলাদার (১৬), ছালাম জমাদ্দারের ছেলে আলী হোসেন (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতি ছিলেন পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে স্বপন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
এ ছাড়া ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রাস্তি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থালে আসে। এরপরই শুরু হয় হট্টগোল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে বেল্লাল ও নাসিরউদ্দিনের সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের সমর্থকদের হাতাহাতি শুরু হয়। সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অন্তত ১০ জন।
পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ হওয়ায় সংক্ষিপ্ত আকারে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা শেষ করা হয়।
এদিকে হামলায় আহতদের দেখতে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যান সংসদ সদস্য শাজাহান খান। এ সময় তিনি আহত নেতা-কর্মীদের বিষয়ে খোঁজ-খবর নেন।
পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, “শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পরিচিতি সভা চলছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শাজাহান খানও অনুষ্ঠানে আসেন। তার বক্তব্য দেওয়ার আগেই বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিনের লোকজন মিছিল নিয়ে সভায় হঠাৎ হামলা চালায়। হামলায় আমার ৬ জন আহত হয়েছেন।”
পাঁচখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার ভাষ্য, “আমাদের নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে রাস্তি ইউনিয়নের লোকজন ঝামেলা করছে। আমার কোনো লোকজন কাউকে কোনো আঘাত করে নাই।”
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের এমপি মহোদয়কে নিয়ে যথাসময় সভাস্থলে চলে আসি। সভা চলাকালীন এক কোণায় কিছু পোলাপানে হট্টগোল করে। এ সময় এক ছেলেকে হাঁতুড় দিয়া মাথায় আঘাত করা হয়। পরে আমাদের সিনিয়র নেতারা এগিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৮ থেকে ১০ মিনিট হট্টগোল ছিল। পরে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ হয়।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “আওয়ামী লীগের সভায় চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঘটনা তেমন বড় নয়। গুরুতর কেউ আহত নেই। দু’একজন সামান্য আহত আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
“এ ঘটনায় আমরা সোমবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ পাইনি,” বলেন এ পুলিশ কর্মকর্তা।
