২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় জমেছে ভাসমান পাটের হাট

প্রতি সপ্তাহে দুই দিন শনি ও বুধবার এই হাট বসে। ভোর থেকে শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত।

যমুনায় জমেছে ভাসমান পাটের হাট

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভাসমান পাটের হাট

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 12:56 PM

Updated : 07 Sep 2022, 01:37 PM

সোনালী আঁশের অতীত গৌরব কমলেও গত কয়েক বছর ধরে চাহিদা ও দাম বৃদ্ধির ফলে পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। কেনাবেচায় জমে উঠেছে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাসমান পাটের হাট।

ভাসমান এই হাটে ক্রেতা ও বিক্রেতাদের আসা-যাওয়া ও বেচাকেনা সব কিছুই চলে নৌকায়। প্রতি সপ্তাহে দুই দিন শনি ও বুধবার এই হাট বসে। ভোর থেকে শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। সকলের হাঁক-ডাকে জমে উঠে বেচাকেনা।

Image

ভাসমান হাটে পাট নিয়ে ক্রেতার অপেক্ষায় চাষিরা

বর্তমানে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকার উপরে। এ ছাড়া বিভিন্ন হাট-বাজারেও পাট বিক্রি হচ্ছে। বাজারে পাটের ভালো দাম থাকায় উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন চাষিরা।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, চলতি বছর বন্যার কারণে পাটের আশানুরূপ ফলন না হলেও কৃষকরা বিঘাপ্রতি গড়ে সাত থেকে আট মণ করে পাট পেয়েছেন। তবে দাম ভাল থাকায় পাট বিক্রিতে কৃষকরা লাভবান হচ্ছেন।

কাজিপুরে যমুনা নদীতে এই ভাসমান হাটে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, জামালপুরের সরিষাবাড়ি, মাদারগঞ্জ, টাঙ্গাইলের ভুয়াপুর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও ব্যাপারীরা নৌকায় করে পাট ক্রয়-বিক্রয় করতে আসেন।

Image

ভাসমান হাটে চলছে কেনা-বেচা

সরিষাবাড়ি উপজেলার পাটের ব্যাপারী আবুল হোসেন জানান, পাট কিনে এক নৌকা থেকে অন্য নৌকায় তোলা সহজ। এতে যোগাযোগের সুবিধা ও পরিবহন খরচও কম হয়। প্রতিহাটে তিনি ৪০ থেকে ৬০ মণ পাট ক্রয় করে থাকেন।

কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “আমি চার বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। বন্যায় ডুবে কিছুটা ক্ষতি হয়েছে, তবুও বিক্রি করে বেশ দাম পেয়েছি।”

Image

নদী তীরেও জমেছে কেনা-বেচা

খাসরাজবাড়ি এলাকার কৃষক জমশের আলী বলেন, “এবার পাট বিক্রি করে ভালো দাম পেয়েছি। প্রতি মণ পাট আড়াই হাজার থেকে দুই হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এমন অবস্থা থাকলে আবারও পাট চাষ করবো। এতে অন্য কৃষকরাও উৎসাহী হবেন।”

কাজিপুরের পাটের ব্যাপারি আলম বলেন, “শুকনো স্থানের হাট থেকে পাট কিনে নৌকায় তোলা অসুবিধা। তাই নৌকা থেকে পাট কিনি।”

প্রতি হাটে ৬৫ থেকে ৭০ মণ পাট ক্রয় করেন বলে জানান এই ব্যবসায়ী।

Image

নৌকা থেকে পাট ওঠানো-নামানোর কাজ করছেন শ্রমিকরা

হাট ইজারাদার ও নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন বলেন, “প্রতি হাটে প্রায় এক থেকে দেড় হাজার মণ পাট ক্রয়-বিক্রয় হয়। অগাস্ট থেকে অক্টোবর এই তিন মাস ভাসমান হাটে পাট ক্রয়-বিক্রয়ের প্রকৃত মৌসুম। নৌকা ছাড়া শুকনো স্থানেও এখানে হাট বসে।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলার নয়টি উপজেলায় ১৫ হাজার ৯৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ১৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, অনাবৃষ্টি ও খরার কারণে খাল-বিল ও জলাধার শুকনো থাকায় এ বছর পাট কাটার পর পাট জাগ দিতে কৃষকরা বেশ বিপাকে পড়েছিলেন। কিন্তু সম্প্রতি বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে।

Image

পাট ক্ষেতে হাস্যজ্জ্বল কৃষক

এ অবস্থায় পরিবেশবান্ধব মোড়কসহ বিভিন্ন কাজে পাট পণ্যের ব্যবহার বাড়লে, পাট চাষের চাহিদা যেমন বাড়বে, তেমনি চাষিরাও লাভবান হবেন দাবি করেছে কৃষক ও কৃষি বিভাগ।