২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর একমাত্র শিশু হাসপাতাল বন্ধ ৫ বছর

মূল ফটকটি ভাঙা, কক্ষগুলো তালাবদ্ধ, জানালাগুলো ভেঙে যাচ্ছে, শেওলা পড়েছে দেয়ালে।

রাজবাড়ীর একমাত্র শিশু হাসপাতাল বন্ধ ৫ বছর

কম্পাউন্ড ভরে গেছে আগাছায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 07:33 PM

Updated : 11 Aug 2022, 07:33 PM

চিকিৎসক না থাকায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে রাজবাড়ী পৌরসভার একমাত্র শিশু হাসপাতাল।

এতে সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষত অনেক গরিব শিশুরোগী চিকিৎসা পাচ্ছে না।

হাসপাতালটি আবার চালু করা হবে বলে জানালেও মেয়র আলমগীর শেখ তিতু নির্দিষ্ট করে সময় বলতে পারেননি।

Image

নষ্ট হচ্ছে আসবাবপত্র।

মেয়র বলেন, “আগের মেয়রের সময় ২০১৭ থেকে হাসপাতালটি বন্ধ রয়েছে। বিষয়টি দুঃখজনক।

“হাসপাতালটি আবার চালু করার জন্য আমি আপ্রাণ চেষ্টায় আছি। ইতোমধ্যেই কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি।”

Image

তালাবদ্ধ দরজা।

১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় চালু করা হয় শিশু হাসপাতালটি। একজন চিকিৎসক ও একজন সহকারী হাসপাতালটিতে চিকিৎসাসেবা দিতেন।

হাসপাতালের সর্বশেষ চিকিৎসক আব্দুর রশিদ ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর অবসরে যান। তখনই হাসপাতালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Image

ভেঙে যাচ্ছে জানালা।

সরজমিনে দেখা গেছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হাসপাতালটি। প্রবেশপথে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা স্তূপ করে রেখেছেন লাকড়ি। হাসপাতাল কম্পাউন্ডের চারপাশ ময়লা-আবর্জনায় ভরা। কোথাও কোথাও আগাছায় ভরে গেছে। মূল ফটকটি ভাঙা, কক্ষগুলো তালাবদ্ধ, জানালাগুলো ভেঙে যাচ্ছে। শেওলা পড়েছে দেয়ালে। ভেতরে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে সিগারেটের উচ্ছিষ্ট ও গু-মুত।

দুলাল শেখ নামে নতুন বাজারের একজন বাসিন্দা বলেন, “হাসপাতালটি একসময় খুব জমজমাট ছিল। আমার দুইটা বাচ্চা রয়েছে। তারা অসুস্থ হলে এখানে নিয়ে আসতাম। এখানে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন।

“বর্তমানে হাসপাতালের যে অবস্থা, হাসপাতাল নিজেই অসুস্থ। আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হলে নিয়ে যেতে হয় ফরিদপুরে।”

Image

প্রবেশপথে স্থানীয় ব্যবসায়ীদের লাকড়ির স্তূপ।

কয়েক দিন আগে তার এক ভাতিজা মারা গেছে জানিয়ে তিনি বলেন, “ভাতিজা মারা গেছে ফরিদপুরে যাওয়ার পথে। আমাদের কষ্ট একটাই, এত সুন্দর একটা হাসপাতাল থাকতে আমাদের যেতে হয় ফরিদপুর অথবা ঢাকায়।”

“অনেক গরিব রোগী আছে। তারা যে ফরিদপুর অথবা ঢাকায় যাবে অত সময় আর টাকাটা তারা পাবে কোথায়? তাই আমাদের দাবি, এই হাসপাতালটি দ্রুত চালু করুন,” আকুল আবেদন একই এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান।

এলাকার আরও অনেকে হাসপাতালটি চালুর আবেদন জানিয়েছেন