২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় সহযোগিতায় আওয়ামী লীগই ‘সন্ত্রাস করে’, দাবি ফখরুলের

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এমন দাবি করেন।

রাষ্ট্রীয় সহযোগিতায় আওয়ামী লীগই ‘সন্ত্রাস করে’, দাবি ফখরুলের

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 07:15 PM

Updated : 14 Oct 2022, 07:16 PM

আওয়ামী লীগই সন্ত্রাস সৃষ্টি করে, দুর্ভাগ্যজনকভাবে সেটা রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে করে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। 

বিএনপি মহাসচিব বলেন, “তারাই (আওয়ামী লীগ) বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে এবং সেটা করেও যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি; আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মূল আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।” 

“সেই লড়াই, সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে এবং কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।” 

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এ ধরনের পার্টির যে বৈশিষ্ট সেটা হচ্ছে, তারা দেশে প্রকাশ্যে রাজনীতি করে; সংবিধানের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে সেগুলোকে মেনে রাজনীতি করে। এ ছাড়া নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে যাওয়ার জন্যে নির্বাচন করে। এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসির একটা অংশ। 

তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সভা-মিছিল ও সমাবেশ করার স্বাধীনতা; কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এখন আর সেই পরিবেশ নেই। 

দেশে এখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “এ কথাটা আগে শুধু আমরাই বলতাম বা অন্যান্য দলগুলো বলতো। আর এখন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ দল জাতীয় পার্টি, তার প্রধান কাদের সাহেবও বলছেন- বাংলাদেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। এটাই হচ্ছে বাস্তব কথা। 

“আর এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে বাংলাদেশ এখন একনায়কতন্ত্রের দেশ হয়ে গেছে, এটা গণতান্ত্রিক দেশ নয়।” 

“এমন পরিস্থিতিতে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখছেন আমরা গত দুই-তিনমাস ধরে অত্যন্ত জনসম্পৃক্ত বিষয় নিয়ে আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমস্যাগুলোকে নিয়ে।” 

মির্জা ফখরুল বলেন, “আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন করেছি, আমরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করেছি। আমরা সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেটা বাতিলের জন্য, আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছি। এসব আন্দোলনের প্রেক্ষিতেই আমরা এগুচ্ছি।” 

তিনি বলেন, “এর মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আন্দোলন নিয়ে গেছি। সেই কর্মসূচির দ্বিতীয় ধাপে আমরা এখন বিভাগীয় মহাসমাবেশ করছি। চট্টগ্রামে আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করেছি। যদিও ওই সমাবেশে আসার পথে পথে আমাদের নেতাকর্মীদের আক্রমণ করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে; এমনকি গ্রেপ্তারও করা হয়েছে।” 

“আপনারা দেখেছেন, এই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আমাদের চারজন শহীদ হয়েছেন এবং পরবর্তীকালে যশোরে একজনকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা নির্যাতন করে হত্যা করেছে, এগুলোকে কেন্দ্র করে অথবা যে কোনো জায়গায় গোলযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ অসংখ্য মামলা দিয়েছে। নতুন করে এসব মামলায় আসামির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।” 

মির্জা ফখরুল বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো, একই প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। আমাদের যে অধিকারগুলো আছে যেমন সভা, মিছিল, কথা বলার অধিকার এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেভাবেই আমরা এগিয়ে চলেছি। 

“এখানে কোনো বাধাই আমরা মানবো না এবং দেশের মানুষও মানবে না। আর এটা প্রমাণিত হয়েছে চট্টগ্রামের সমাবেশ দিয়ে, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমাবেশগুলো দিয়ে।” 

বিএনপির মহাসচিব বলেন, ময়মনসিংহে আমাদের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ তার আসল চেহারা নিয়ে বেরিয়ে এসেছে। এরই মধ্যে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগ আলাদা সমাবেশ ডেকেছে। সেটার কোনো কারণই ছিল না। 

“আমাদের সমাবেশ বহু আগেই ঘোষণা করা, সেটার প্রচার-প্রচারণাও করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ আবারও ময়মনসিংহে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ ডাকার অর্থই হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।” 

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ উপস্থিত ছিলেন।