শেরপুরে কিন্ডারগার্টেনের বাথরুমে ছাত্রের লাশ
সন্ধ্যায় নানীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় রিমন
শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের একটি কিন্ডারগার্টেনের বাথরুম থেকে ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল নামে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে জানান শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল।
নিহত মোহাম্মদ রিমন (১৬) পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর মিয়ার ছেলে এবং ওই কিন্ডারগার্টেনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
শিক্ষার্থীর পারিবারের বরাতে ওসি বছির আহমেদ বাদল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় রিমন বাড়ির কাছেই নানীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু আর বাড়ি ফিরেনি।
শুক্রবার সকালে কিন্ডারগার্টেনের নৈশপ্রহরী বাথরুমে ওই ছাত্রের লাশ দেখতে পান। তিনি কিন্ডারগার্টেন পরিচালক চান মিয়া মাস্টারকে খবর দেন। শিক্ষক পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
