খুলনায় জমির বিরোধের সংঘর্ষে যুবক নিহত
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
খুলনার দিঘলিয়া উপজেলায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে এ সংঘর্ষ হয় বলে জানান দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার।
নিহত আসাবুর শেখ ওই গ্রামের ইখতিয়ার শেখের ছেলে। ৪০ বছরের আসাবুর পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পরিদর্শক রিপন কুমার বলেন, জমিজমা নিয়ে পারিবারিক কলহের কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আসাবুর শেখ, শাহাজালাল শেখ (২৭) ও কালাম হোসেন (৩৫) গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসাবুরকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ পরিদর্শক বলেন, এ ঘটনায় দিঘলিয়ার হাজীগ্রামের টুটুল শেখ, জুয়েল শেখ, জুয়েল রানা, নূর ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে আসা হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
