নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮
তারা সবাই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
তারা ‘কিশোর গ্যাং ও ছিনতাইকারী’ চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান৷
ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী, বাঘমারা, শিমরাইল ও আদমজী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়৷
তাদের সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে৷ তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানায় পুলিশ৷
তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি চাপাতি, একটি চাকু জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মশিউর।
