বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আহত
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বরিশালের উজিরপুর উপজেলায় মাছ শিকারে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার বাবা।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর হারফা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান।
মৃত সবুজ রায় (২২) উপজেলার জামির বাড়ির বাসুদেব রায়ের ছেলে সবুজ রায় (২২)।
আহত বাসুদেবকে (৫৫) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, উত্তর নাথারকান্দি এলাকার বিলে বড়শি ফেলে মাছ ধরতে যায় বাবা-ছেলে। এ সময় বৃষ্টি শুরু হলে বিলের পাশে ঘেরে টিনের ঘরে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিল তারা। পথে নিখিল বড়ালের ক্ষেতের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয় বাবা ছেলে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বাসুদেবকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান শফিকুল।
হারফা ইউপির সদস্য কৃষ্ণ কান্ত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষেতে মাছ কিংবা কোনো ফসল নেই। তার পরেও কেনো বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে জানি না। ঘটনার পর পরই নিখিল বাড়ি থেকে পালিয়েছে।”
