কার ভুলে এসএসসি পরীক্ষা দেওয়া হল না শাওনের
“আমার সব বন্ধুরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমি কী দোষ করলাম?”- বলে কেঁদে ফেলে ছেলেটি।
বন্ধুরা সবাই এসএসসি পরীক্ষায় বসেছে, অন্যদিকে শাওন মণ্ডল তার ‘দুর্ভাগ্য’ নিয়ে হা হুতাশ করছে।
পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি তার ছিল। কিন্তু প্রবেশপত্র আসেনি। আর সে সময় স্কুল থেকে তাকে জানানো হয়েছে, তার রেজিস্ট্রেশনই হয়নি।
কেন রেজিস্ট্রেশন হয়নি, তা এক ‘রহস্য’। প্রধান শিক্ষকের দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় রেজিস্ট্রেশনের ফি ও সব কাগজপত্র সময় মতো দেয়নি শাওন। পরে বিষয়টি চাপা পড়ে যায়। এবার পরীক্ষার জন্য ফরম পূরণ করতে টাকা জমা দেওয়া হয়। কিন্তু জটিলতার কারণে আটকে যায়। একেবারে শেষ মুহূর্তে সব কিছু জানার কারণে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায়নি।
সহকারী প্রধান শিক্ষক এই ঘটনায় দায়ী করেছেন অবসরে যাওয়া হেড ক্লার্ক সুশান্ত মল্লিককে। শাওনের বিষয়টি তিনি জানাননি বলে দাবি এই শিক্ষকের।
কিশোরটির বাবা বলছেন, স্কুলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আগামী বছর বিনা খরচে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। তবে টাকা নয়, একটি বছর নষ্ট হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ তার।
প্রবেশপত্র আনতে গিয়ে আক্কেলগুড়ুম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাওন। তার বাড়ি কৈলাইল গ্রামেই।
গত রোববার থেকে শুরু হওয়া পরীক্ষার চার দিন আগে স্কুল থেকে প্রবেশপত্র আনতে গিয়ে শাওন জানতে পারে এই ঘটনাটি। সেদিনই প্রকাশ পায় বোর্ডে তার নিবন্ধন হয়নি তার নাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাওন বলে, “বুধবার বন্ধুদের সঙ্গে আমি প্রবেশপত্র আনতে স্কুলে যাই। কিন্তু জানতে পারি আমারটা আসেনি। পরে জানানো হয় আমার নাকি রেজিস্ট্রেশনই হয়নি।
“আমার সকল সহপাঠীদের মত আমিও স্কুলের বেতন, সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফিসহ সব ধরনের ফি পরিশোধ করেছি। তাহলে আমি কেন পরীক্ষা দিতে পারব না?”
“আমার সব বন্ধুরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমি কী দোষ করলাম?”- বলে কেঁদে ফেলে শাওন।
তার বাবা প্রাণতুষ্ট মণ্ডল বলেন, “ঘটনা জানার পর আমি স্কুলের প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি আশ্বাস দেন সমাধান করার। কিন্তু পরদিন আবার ফোন দিলে দুঃখ প্রকাশ করে জানান, এ বছর পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আগামী বছর বিনা খরচে পরীক্ষার ব্যবস্থা করে দিবেন তিনি।”
“কিন্তু দুঃখ প্রকাশ করে কী হবে? ওই স্যার কি আমার ছেলের জীবনের একটি বছর ফিরিয়ে দিতে পারবেন?”, প্রশ্ন রাখেন শাওনের বাবা।
এটা কেন হলো তা জানা নেই শাওনের শ্রেণি শিক্ষক আব্দুল আজিজের। এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “করোনাভাইরাস মহামারীর সময়ে এই রেজিস্ট্রেশনগুলো (নবম শ্রেণিতে) হয়েছে। এটা যে কোনোভাবে ভুলক্রমে হতে পারে। এই বিষয়ে প্রধান শিক্ষক বিস্তারিত বলতে পারবেন।”
প্রধান শিক্ষকের দৃষ্টিতে দায় শাওনের
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খান দায় দিলেন শাওনকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নবম শ্রেণিতে যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় তখন নির্দিষ্ট সময়ের মধ্যে শাওন মণ্ডল তার প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি জমা দেয়নি। তাকে সময় দেওয়া হয়েছিল, যোগাযোগ করেনি। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ভুলে গেলে আর নিবন্ধন করা হয়নি।
“চূড়ান্তভাবে এসএসসি পরীক্ষার্থীদের তালিকা আসলে শাওন মণ্ডলের নাম না থাকার বিষয়টি আমরা জানতে পারি। আমি বোর্ডে যোগাযোগ করেছিলাম, তবে এ বছর আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আগামী বছর শাওন পরীক্ষা দিতে পারবে।”
তবে প্রধান শিক্ষকের এই বক্তব্যের নাকচ করে শাওন মণ্ডল বলে, “আমি ও আমার কয়েক বন্ধু একসঙ্গেই রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। তবে কয়েকদিন দেরি হয়েছিল। এর জন্য মল্লিক স্যারের (সাবেক প্রধান প্রধান ক্লার্ক) থাপ্পড়ও খেয়েছি।
“টাকা ও কাগজপত্র যেহেতু জমা নিয়েছে সেহেতু আমি তো নিশ্চিত ছিলাম আমার রেজিস্ট্রেশন হয়েছে। আমার সঙ্গে টাকা ও কাগজপত্র জমা দেওয়া অন্য বন্ধুদের তো সমস্যা হয়নি। তাহলে আমার রেজিস্ট্রেশন কেন হল না? আর সমস্যা হলেও দীর্ঘদিনে কেন আমাকে বিষয়টি জানানো হল না?”
ফরম পূরণের টাকা কেন নিল স্কুল?
শাওন জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে সহকারী প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র মণ্ডলের কাছে ফরম ফিলাপের জন্য সাড়ে ৬ হাজার টাকা দিয়েছে সে। কিন্তু তাকেসহ কাউকে কোনো রশিদ দেওয়া হয়নি।
লক্ষণ চন্দ্র মণ্ডল টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন। তিনি বলেন, “ফরম ফিলাপের জন্য সরকারের দেওয়া নির্ধারিত ফি একুশ শ সামথিং টাকা নেওয়া হয়েছে। এর বেশি নেওয়া হয়নি। বাকি টাকা নেওয়া হয়েছে কোচিং ও ওর কিছু বকেয়া বিল ছিল সেই বাবদ। সর্বসাকুল্যে ও সাড়ে ৬ হাজার টাকা নেওয়া হয়েছে।”
রেজিস্ট্রেশন না হলে টাকা কেন নেওয়া হল, আবার টাকা যখন নেওয়াই হল, তাহলে কেন ছেলেটি পরীক্ষা দিতে পারছে না?- এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে শাওন এবারের এসএসসি পরীক্ষা দিতে পারল না। তবে বিশ্বাস করেন শেষ পর্যায়ে এসে আমরা যখন জানতে পারলাম ওর রেজিস্ট্রেশন হয়নি, তখন থেকে গতকাল অবদি আমাদের চেষ্টার কমতি ছিল না। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।
“করোনাকালীন সময়ে ওদের নাইনের রেজিস্ট্রেশন হয়েছিল। সে সময় শাওন নিয়মিত ছিল না, ও প্রয়োজনীয় কাগজপত্র দিতে অনেক বিলম্ব করেছে যার কারণে ওর রেজিস্ট্রেশন হয়নি।”
একদিন পরে কেন জানাজানি
লক্ষণ চন্দ্র মণ্ডল এই প্রশ্নে বলেন, “বিষয়টি তৎকালীন ক্লার্ক সুশান্ত মল্লিক গোপন রাখায় আমি ও হেড স্যার বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। শেষ পর্যায়ে যখন এসএসসির রেজিস্ট্রেশন ও প্রবেশপথ আসলো তখন আমরা জানতে পারলাম শাওনের রেজিস্ট্রেশনই হয়নি।”
সুশান্ত মল্লিক অবসরে চলে গেছেন। তার ফোন নম্বরও দিতে পারেননি স্কুলের শিক্ষকরা।
সহকারী প্রধান শিক্ষক কলেন, “শেষমেশ আমরা শাওন ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। শাওনকে এও বলেছি, ‘বাবা ভুল তো মানুষেরই হয়। একটা ভুল না হয় ক্লার্কের কারণে হয়েই গেছে। এখন আর কী করার? তবে বাবা তুমি মন ভাইংঙ্গো না। আগামীবার যাতে তুমি পরীক্ষা দিতে পার, তার জন্য সব ধরনের ব্যবস্থা আগে থেকেই করা হবে। কোনো খরচও দিতে হবে না।”
শাওনের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল লিটন বলেন, “বিষয়টি নিয়ে আমি একবারেই অবগত নই। বিষয়টি কেউ আমাকে আগে জানালে ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বোর্ডে কথা বলে ছেলেটির রেজিস্ট্রেশনের বিষয়ে চেষ্টা করে দেখতে পারতাম।”
