২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস পালনে প্রস্তুত টুঙ্গিপাড়া, যাচ্ছেন প্রধানমন্ত্রী 

মঙ্গলবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতীয় শোক দিবস পালনে প্রস্তুত টুঙ্গিপাড়া, যাচ্ছেন প্রধানমন্ত্রী 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 05:21 PM

Updated : 13 Aug 2023, 05:21 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।  

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কর্মসূচিকে যথাযথ মর্যাদায়  সম্পন্ন করতে সব প্রস্তুতি সফলভাবে সমাপ্ত করা হয়েছে।” 

মঙ্গলবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ৫ মিনিটে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা। 

এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে  মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন ও সমাধি সৌধ কমপ্লেক্সে করা হয়েছে শোভাবর্ধন। মিলাদ মাহফিলের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। 

শোকের আবহ সৃষ্টিতে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ জেলার সড়ক জুড়ে কালো কাপড় দিয়ে নির্মাণ হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। অফিস-আদালত, বাসা-বাড়ি, দোকান ও বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে টানানো হয়েছে কালো পতাকা। 

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শোকাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে।